https://www.emjanews.com/

13844

sylhet

প্রকাশিত

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪৫

সিলেট

সিলেটের চা বাগানে মন্দিরে অ'গ্নিসংযোগ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৪৫

ছবি: ইমজা নিউজ

 সিলেট নগরের তারাপুর চা বাগানে শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, `ভোরে কে বা কারা মন্দিরে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পাশের একটি দোকানের লোক প্রথম ধোঁয়া দেখতে পেয়ে আমাকে খবর দেন। এসে দেখি পর্দাসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।'

তিনি আরও বলেন, `আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা এবং পূজার কাপড় ও পর্দা পুড়ে গেছে।' একটি পঞ্চতত্ত্বের ছবি কষ্ট করে উদ্ধার করতে পেরেছেন বলেও জানান তিনি।

মালা মুদি দাবি করেন, এ ঘটনায় কারও সঙ্গে তাদের কোনো বিরোধ বা ঝগড়া ছিল না।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, `প্রায় তিন বছর ধরে এখানে পূজার কার্যক্রম চালানো হচ্ছে। হঠাৎ করে কে বা কারা আগুন দিল, কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।'

বিকেলে তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি জানান, `মন্দিরে আগুনের ঘটনায় থানায় মামলা করতে এসেছি। বাগান ও চা শ্রমিকদের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।'

অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, `গুয়াবাড়ি এলাকায় মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে তা খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে। নগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে সিসি ক্যামেরা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

তারাপুর চা বাগানের মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিকেলে বাসদ সিলেট জেলা কমিটির নেতারা মন্দির পরিদর্শন করে দায়ীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, নির্বাচনের আগে ও পরে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, প্রীতম রায়, তারাপুর চা বাগানের সংগঠক বিজয় মোদী, দিলীপ হালদার ও নরেন মোদী।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।