https://www.emjanews.com/

13965

national

প্রকাশিত

২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১১

জাতীয়

ইসির মাঠ প্রশাসনে বড় রদবদল

১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১১

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন। আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা ওইদিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই মাঠপর্যায়ের এ রদবদল করা হয়েছে।

এর আগে একই দিন ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। সাক্ষাতে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।