https://www.emjanews.com/

13951

sylhet

প্রকাশিত

২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৩২

আপডেট

২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৩৩

সিলেট

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৩২

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছরের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশন এর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হলে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল।

আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সিলেট-৩ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় মনোনয়ন পাননি। পরে তিনি সিলেটের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এর দায়িত্বে মো. শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনা সিটি করপোরেশন এ নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন এ মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।