টি-টোয়েন্টি
বিশ্বকাপে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রান
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৪৩
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে রানের নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ক্যারিবীয়রা সংগ্রহ করেছে ২৫৪ রান, যা এবারের আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকা ২৬০ রান করেছিল, যা এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড হিসেবে অক্ষত রয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়াম-এ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ভয়াবহ ব্যাটিং তাণ্ডব চালায় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।
দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন সিমরন হিতমায়ার ও রোভম্যান পাওয়েল। হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। অন্যদিকে পাওয়েল ৩৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন।
গ্রুপপর্বে দুই দলই দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপসেরা হয়ে সুপার এইটে উঠে আসে। জিম্বাবুয়ে গ্রুপপর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে হারিয়ে চমক দেখিয়ে গ্রুপসেরা হয়। জিম্বাবুয়ের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের হট ফেভারিট হওয়া সত্ত্বেও গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় অস্ট্রেলিয়াকে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ‘সি’ গ্রুপে টানা চার ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়ে গ্রুপসেরা হিসেবে সুপার এইটে জায়গা করে নেয়।
এই ম্যাচে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ আবারও প্রমাণ করল, টি-টোয়েন্টি ক্রিকেটে তারা এখনো অন্যতম ভয়ংকর ব্যাটিং শক্তি।
