ছবি: জাতীয় সংসদ ভবন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হবে। ওইদিন সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন।’
এদিন থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সংসদের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।
প্রথম অধিবেশনে নতুন সংসদের কার্যক্রম শুরুর পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যসূচি সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
