ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ এবং রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
অনলাইনে টিকিট সংগ্রহ করতে না পারা যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
