সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মোগলাবাজার থানাধীন কিষানপুর গোটাটিকর শিববাড়ি এলাকা থেকে রুমা পাল (৩৭) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার শিববাড়ি কৃষ্ণানপুর গ্রামের রঞ্জিত পালের স্ত্রী।
পুলিশ জানায়, রুমা পাল নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
