ভূমি অফিসে সেবামূল্যের সাইনবোর্ড বাধ্যতামূলক
অতিরিক্ত ফি নিলে অভিযোগ ১৬১২২ নম্বরে
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২:০৯
ছবি: সংগৃহীত
ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ভূমি অফিস, সার্কেল অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সেবামূল্য সংবলিত স্থায়ী সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি ভূমি অফিসে ৪ ফুট × ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ড স্থাপন করতে হবে। এতে কোন সেবার জন্য কত টাকা ফি দিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ইতোমধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় নির্ধারিত ফির তালিকা
ই-নামজারি ফি:
কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা।
সব মিলিয়ে নামজারির জন্য মোট ফি ১ হাজার ১৭০ টাকা।
খতিয়ানের ফি:
খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। ডাকযোগে নিতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল দিতে হবে।
মৌজা ম্যাপের ফি:
প্রতি শিট মৌজা ম্যাপের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকার নির্ধারিত ফির বাইরে অন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না। ভূমি উন্নয়ন করসহ সব ধরনের সেবামূল্য শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং কোনো অবস্থাতেই নগদ লেনদেন গ্রহণযোগ্য হবে না।
সেবা নিতে গিয়ে কেউ যদি অতিরিক্ত ফি দাবি করে বা হয়রানির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়।
