https://www.emjanews.com/

14050

sylhet

প্রকাশিত

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৪০

সিলেট

হাওরের বাঁধ নির্মাণে দূর্নীতি সহ্য করা হবে না : পানি সম্পদ মন্ত্রী

দুর্নীতি প্রতিরোধে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৪০

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি প্রতিরোধে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে এবং এ কাজে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলায় হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। তবে এবার যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং সরকারের বদনাম না হয়, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক কর্মী ও স্থানীয় নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। নির্বাচিত সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে নিয়মিতভাবে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ডুবন্ত বাঁধ নির্মাণের মাধ্যমে হাওরের ফসল সুরক্ষায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিয়মিত হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নদী ও খাল খননের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার খাল ও নদী খননের ব্যাপারে সক্রিয় রয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজ পরিচালনা করা হবে এবং এসব কাজেও সরকার পাহারাদারের ভূমিকায় থাকবে।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী হাওর এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বাঁধ নির্মাণ কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।