সিলেট সীমান্তের ছয়টি বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, প্রসাধনী, জুস, বিস্কুট ও ফেনসিডিল। এ ছাড়া অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আটক চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়েছে।
আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
