পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, মঙ্গলবার ফের বৈঠক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ১৯:২৫
ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাবের ওপর দুই দফা দীর্ঘ আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। প্রস্তাব চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবে নিম্নতম মজুরি বোর্ড। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) পরবর্তী বৈঠক হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে। দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো বিষয়ে ঐকমত্য হয়নি।
তিনি বলেন, মজুরি বোর্ড এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করেছে। এসব পরিদর্শনে পাওয়া তথ্য-উপাত্ত বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ না করার বিষয়ে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় এখনই তা জানানো যাচ্ছে না। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যে মজুরি নির্ধারণ করবে, শেষ পর্যন্ত মালিকপক্ষকেই তা বাস্তবায়ন করতে হবে।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়েই মজুরি বোর্ড সিদ্ধান্ত নেবে। দেশের বাস্তবতা ও শ্রম আইন অনুসরণ করে কোনো বেআইনি বা অবাস্তব সিদ্ধান্ত নেওয়া হবে না। মজুরি নির্ধারণে বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের সক্ষমতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব তাঁদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।
তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। এটি কোনো একক মালিক বা শ্রমিকের বিষয় নয়। উৎপাদন বন্ধ রাখার পক্ষে তাঁরা নন। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকেরা আন্দোলন করছেন।
মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন শ্রমিকপক্ষের কাছে মজুরি প্রস্তাব কম মনে হওয়ার ব্যাখ্যায় বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’
ব্রিফিংয়ে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
