বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
শিগগিরই উপনির্বাচনের তফসিল
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:১৪
ছবি: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬- দুটি আসন থেকেই নির্বাচিত হলেও বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার হোসেন জানান, তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। বর্তমানে ওই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন ব্যক্তি একসঙ্গে সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হয় কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশনের একটি আসন রেখে বাকি আসনগুলো শূন্য ঘোষণার এখতিয়ার রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬- দুই আসনেই জয়ী হন তারেক রহমান। ঢাকা-১৭ আসনে তিনি পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এএসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
অন্যদিকে বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয় পান তারেক রহমান। সেখানে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
আইন অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। সে অনুযায়ী বগুড়া-৬ আসনে দ্রুতই নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। এছাড়া আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঝুলে রয়েছে।
ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
