ছবি: সংগৃহীত
সিলেট জেলা স্টেডিয়ামকে শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কাছে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন সিলেটের ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটের সর্বস্তরের ক্রীড়া অনুরাগীরা সিলেট জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন। তারা স্টেডিয়ামটি বাফুফেকে এককভাবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট জেলা স্টেডিয়ামই সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত ৪৮টি ক্লাবের ফুটবল, হকি, ক্রিকেট ও ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের একমাত্র মাঠ। ফলে এটি এককভাবে কোনো একটি ফেডারেশনের অধীনে দেওয়া হলে জেলার অন্যান্য খেলাধুলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ক্রীড়া সংগঠকরা জানান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার অন্যতম ভরসা এই স্টেডিয়াম। তাই এটি সব ধরনের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুদ্দোজা বদর, ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, কামাল পাশা মওদুদ, হানিফ আলম চৌধুরী, মুফতি আব্দুল খাবির, সিলেট জেলা ফুটবল ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় খালেদ আহমদ, প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট কোচবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদীরা।
স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সিলেট জেলা স্টেডিয়ামকে সব ধরনের ক্রীড়া আয়োজনের জন্য উন্মুক্ত রাখার দাবি জানানো হয়।
