ছবি: সিসিক
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীরা অনেক সময় সমাজে অবহেলার শিকার হন। অনেক ক্ষেত্রে বিত্তশালী পরিবারে জন্ম নিয়েও তারা পরিবার থেকেই অবহেলার মুখোমুখি হন। তাই প্রতিবন্ধীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার পরিবর্তন আনতে হবে।
বুধবার (১১ মার্চ) দুপুরে নগরের জিন্দাবাজারস্থ গ্রীন ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে আয়োজিত ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে গ্রীন ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, `এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশন এবং ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়। এ সময় সিসিক প্রশাসক আরও বলেন, ‘জিডিএফের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সমাজের প্রতিষ্ঠিত মানুষ।’ তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে তিনি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
জিডিএফ সভাপতি রমেশ দত্তের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় পরিষদের সদস্য শামসুল বাসিত শেরো, রহমানিয়া ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান, জিডিএফের উপদেষ্টা মিফতাহুর হোসেন সুইট, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা এবং এনসিপি সিলেট মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।
