সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ নিয়ে বিরোধের জেরে পাম্পের এক কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত রবিবার (৯ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পের কর্মচারী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন ব্যক্তি ওই কর্মচারীর ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে আহত করে।
এ ঘটনায় আহত পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের একপর্যায়ে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত সৌমেন মৈত্রের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে ফাহিম আহমদ (২১), সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, বালাউট এলাকার ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯), বর্তমানে চৌকিদেখী এলাকার বাসা নম্বর ৬৬ রংধনুতে বসবাস করছেন, এবং সিলেট জেলার, এয়ারপোর্ট থানার, চৌকিদেখী এলাকার বাসা নম্বর ১০২/২ রংধনুর মৃত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।
পুলিশ জানিয়েছে, তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
