সিলেটে অ/প/হ/র/ণ/কান্ডে ছেলে গ্রে/ফ/তা/র: বিএনপি থেকে বাবার পদত্যাগ
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ১৫:২২
সিলেটে অপহরণ মামলায় ছেলে গ্রেফতার হওয়ার পর বিএনপির ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) তিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে অব্যাহতি পত্র প্রদান করেন।
রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, গ্রেফতারের পর রুমান আহমদের ছেলের সাথে স্থানীয় বিএনপির অনেক নেতার ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন রুমান আহমদ। তিনি চাইছেন, দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়। এজন্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
রুমান আহমদ তার পত্রে উল্লেখ করেছেন, তার ছেলে নির্দোষ এবং যদি আদালতে সেটা প্রমাণিত হয়, তিনি ভবিষ্যতে আবার দলের পদে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন।
পত্রে তিনি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও নিয়ম লালন করেন এবং কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে তিনি চান না। তিনি এই নৈতিক অবস্থান থেকে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, গত শনিবার (৮ মার্চ) নগরীর তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামের ৫৬ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক এবং এক প্রবাসীসহ দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। এই ১০ জনের মধ্যে একজন হলেন হাওয়াপাড়া এলাকার রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮)। তাকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট বিএনপির অনেক শীর্ষ নেতার সাথে তার ছবি ছড়িয়ে পড়ে। ফলে বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরেন রুমান আহমদ। একপর্যায়ে তিনি দল থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নেন। তবে তার দাবি ফারদিন নির্দোষ।
