ছবি: সংগৃহীত
বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ আবার শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর মাঠ খেলার উপযোগী হওয়ায় রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাচটি পুনরায় শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৩ রান। অর্থাৎ বাকি ২৫.৩ ওভারে বাংলাদেশকে করতে হবে আরও ২১৬ রান।
এর আগে রাত ৮টা ২০ মিনিট থেকে ওভার কমানোর প্রক্রিয়া শুরু হয়। বৃষ্টি থামার পর নতুন করে ওভার সংখ্যা, লক্ষ্য এবং পাওয়ার প্লেসহ কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী ১ থেকে ৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮ থেকে ২৬ ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৭ থেকে ৩২ ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে।
এ ছাড়া মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিনজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বল করতে পারবেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান সংগ্রহ করে। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।
এর আগে সাইফ হাসান ১২ রান করে আউট হন। তানজিদ হাসান তামিম করেন ১ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই বিদায় নেন।
