https://www.emjanews.com/

14485

surplus

প্রকাশিত

২৩ মার্চ ২০২৬ ১৭:৩৩

অন্যান্য

সিলেটে দুই দিনব্যাপী শ্রীশ্রী রামনবমী মহোৎসব বৃহস্পতিবার

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ ১৭:৩৩

ছবি: সংগৃহীত

মর্যাদাপুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভক্তিপূর্ণ ও তাৎপর্যপূর্ণ “শ্রীশ্রী রামনবমী মহোৎসব’ ২০২৬”। আগামী ২৭ মার্চ ২০২৬ (১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ), শুক্রবার এই মহোৎসব উদযাপিত হবে।

সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ মণিপুরী রাজবাড়ির শ্রীশ্রী গৌরাঙ্গ জিউর মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট।

উৎসবের প্রথম দিন ২৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় শ্রীরামলালার শুভাগমন এবং সন্ধ্যা ৭টায় উৎসবের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে।

মূল আয়োজনের দিন ২৭ মার্চ (শুক্রবার) সকাল ৮টায় শাস্ত্রীয় বিধি অনুসারে পূজারম্ভের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৯টায় শ্রীরামলালার রাজকীয় অভিষেক, সকাল ১০টায় ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টা ৩০ মিনিটে বৈদিক মন্ত্রপাঠ, গীতাপাঠ ও মহাযজ্ঞ আয়োজন করা হবে। এরপর দুপুর ২টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ভক্তিপূর্ণ সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীরাম সংকীর্তনের মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটবে।

মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে শ্রী নির্জয় তালুকদারকে আহ্বায়ক এবং শ্রী সবুজ চক্রবর্তীকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রী চয়ন সাহা তূর্য ও সাধারণ সম্পাদক শ্রী স্বপন দাস এক যৌথ বিবৃতিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তপ্রাণ মানুষকে এই পুণ্যময় উৎসবে অংশগ্রহণের জন্য সশ্রদ্ধ আমন্ত্রণ জানিয়েছেন।

তারা জানান, উৎসবের সার্বিক সাফল্য ও শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি, মহোৎসবের ব্যয় নির্বাহে ভক্তদের স্বতঃস্ফূর্ত দান ও অনুদান কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হচ্ছে।