শাহী ঈদগাহ পরিদর্শনে মন্ত্রী আরিফ: মানুষ স্বস্থিতে বাড়ি ফিরতে পেরেছে
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ ১৩:৫৬
শ্রম, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সমন্বিত প্রচেষ্টার ফলে এবার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে।
তিনি বলেন, বিগত সময়ে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর জন্য ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার। শিল্পখাতকে সচল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা ঈদের আগেই তাদের বেতন ভাতা পেয়েছেন। শুধু বেতন নয়, বোনাসও সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারের সদিচ্ছা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতার কারণে এবার ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি বলেও দাবি করেন মন্ত্রী।
বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও কাজ করছে সরকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির সময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রবাসীদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের চক্র শনাক্ত করা হয়েছে এবং প্রবাসীদের পরিবারকে সতর্ক করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, বন্ধ শ্রমবাজার চালুর পাশাপাশি শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। আগামী মাস থেকে বিদেশগামী শ্রমিকদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা চাহিদা অনুযায়ী কাজ করতে পারেন।
তিনি বলেন, অনেক লোক দালালদের মাধ্যমে বিপদগ্রস্ত হয়, এদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় সেই ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে সরকার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো.সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার প্রমুখ।
উল্লেখ্য, শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
