ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে।
সোমবার (৩০মার্চ) বিকেলে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি চালক হান্নান মিয়া (৩৫) এর পরিচয় মিলেছে, অন্য আরেকজনের পরিচয় মিলেনি।
এদিকে এই ঘটনায় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী হাইয়েস এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই সিএনজি অটোরিকশা যাত্রী। পরে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা সিএনজি চালকসহ সিএনজিতে থাকা চারজনকে উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে।
