https://www.emjanews.com/

14628

sylhet

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ১৪:২৮

সিলেট

সিলেটে ৩৯ জনের দেহে হাম শনাক্ত: আ/শ/ঙ্কাজনক ৩ শিশু

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ১৪:২৮

সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ দিনে ৩৯ জন রোগীর দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ২২ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে তিনজন শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের একটি ওয়ার্ডকে হাম আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। শিশুদের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশেষ চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসা ও সংক্রমণ রোধে সকল ধরণের ঔষধ ও সরঞ্জাম বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলার এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বেশি রোগী রয়েছেন। 

শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা বলেন, হাম মোকাবিলা ও সংক্রমণ রোধে হাসপাতাল সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তবে সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য পুরোপুরি নির্ভর করতে হয় ঢাকার ওপর। নমুনা পাঠানো হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে একমাত্র ল্যাবে হামের পরীক্ষা করা হয়।

দাতা সংস্থাগুলোর একটি সূত্র জানায়, এ বছরের ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। একই সময় রাজধানীর বস্তি এলাকায় হামের রোগী বৃদ্ধি পেতে থাকে।

বাংলাদেশ হামমুক্ত দেশ নয়, তবে টিকা কর্মসূচির কারণে হামের প্রকোপ কমে এসেছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, শিশুরা নিয়মিত টিকা পাচ্ছে না। দেশে কয়েক বছর হাম ও রুবেলা টিকার জাতীয় ক্যাম্পেইনও হয়নি। সাধারণভাবে শিশুদের ৯ মাস বয়সে হাম টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। ক্যাম্পেইনের সময় ৯ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া হয়। সর্বশেষ জাতীয় ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালে। তখন ৩ কোটি ৪০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছিল। আগামী জুন মাসে পুনরায় জাতীয় ক্যাম্পেইন শুরু হবে, চলাকালীন ৬ মাস বয়স থেকে শিশুদেরও টিকা দেওয়া হবে।