https://www.emjanews.com/

14894

sylhet

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ১৬:২৩

সিলেট

সিলেটে ৩ হাজার কৃষকের মধ্যে প্রণোদনা: বুধবার থেকে ‘কৃষক কার্ড’ প্রদান

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৬:২৩

সিলেটে প্রায় ৩ হাজার কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে এবং আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ‘কৃষক কার্ড’ প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

তিনি বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি খাতে নতুন বিপ্লব আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষিত থাকবে, ফলে সার, বীজ, কীটনাশক ও কৃষি ঋণসহ বিভিন্ন সেবা আরও সহজে পাওয়া যাবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা ফসল ক্ষতির তথ্য দ্রুত কৃষকদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সিলেটের বাসিয়া খালসহ বিভিন্ন খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুরমা নদী থেকে শুরু হয়ে দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব খাল পুনঃখননের মাধ্যমে বর্ষায় জমে থাকা পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।

তিনি বলেন, যেসব এলাকায় ভৌগোলিক কারণে পানি জমে থাকে, সেখানে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সেচ সুবিধা বাড়িয়ে বছরে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের সুযোগ তৈরির লক্ষ্যও সরকারের রয়েছে।

পাটমন্ত্রী বলেন, দেশের সব কৃষিজমির ধাপে ধাপে ম্যাপিং করা হবে, যাতে কোন এলাকায় কোন ফসল সবচেয়ে উপযোগী ও লাভজনক তা কৃষকদের জানানো যায়। এতে কৃষকরা সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, সীমিত আবাদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কোনো জমি অনাবাদী না রেখে চাষাবাদের আওতায় আনতে হবে। একই ধরনের ফসল চাষে সরকারিভাবে সহায়তা প্রদান, রোগবালাই নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনা সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল।