https://www.emjanews.com/

14888

sylhet

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ১৩:২৬

সিলেট

সিলেটের সড়কে দেশের সবচেয়ে কম দু/র্ঘ/ট/না: তবুও একমাসে ২৬ প্রাণহানী

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ১৩:২৬

সারা দেশে এক মাসে সড়ক দুর্ঘটনার চিত্রে বড় বৈপরীত্য দেখা গেছে। কোথাও তুলনামূলক স্বস্তি, আবার কোথাও উদ্বেগজনক পরিস্থিতি সামনে এসেছে।

শনিবার সকালে রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।

একই সময়ে সড়কের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা গেছে, ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। আর ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, ২০৪ জন। এছাড়া বাসের যাত্রী ৪৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টরের আরোহী ২৮ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসের আরোহী ৪৬ জন, তিন চাকার যানবাহনের যাত্রী ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২৩ জন এবং সাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে বলা হয়েছে, ১৬৬টি মুখোমুখি সংঘর্ষ, ২৩১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৮২টি যানবাহনের পেছনে আঘাত করে এবং ১১টি অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭১টি জাতীয় মহাসড়কে, ২৬৪টি আঞ্চলিক সড়কে, ৭০টি গ্রামীণ সড়কে, ৬২টি শহরের সড়কে এবং ৯টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা এবং শারীরিক ও মানসিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে।