ছবি: ড. মাহদী আমীন।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয়সহ বিভিন্ন পর্যায়ের ৯ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমীন এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ড. মাহদী আমীন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠ তৈরির কাজও চলমান রয়েছে।
তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আবার শুরু হয়েছে, যেখানে এবার ক্রীড়া ও কোরআন তিলাওয়াত বিভাগ যুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বই পড়াকে উৎসাহিত করতে বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা খাতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া স্কুল পর্যায়ে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ পাইলট প্রকল্প শুরু হয়েছে।
ড. মাহদী আমীন আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি যুক্ত করে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সরকারের এসব উদ্যোগ শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
