https://www.emjanews.com/

15047

national

প্রকাশিত

১৭ এপ্রিল ২০২৬ ২২:২৬

জাতীয়

জ্বালানি সংকট: পাম্পে পুলিশের জন্য পৃথক লাইনের দাবি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ২২:২৬

ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে জ্বালানি পাম্পে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে গিয়ে ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি কার্যক্রম। এতে টহল, অপরাধ দমন ও জরুরি অভিযান পরিচালনায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দেয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। চিঠিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে বলা হয়, পুলিশ অপরাধ দমন, আসামি গ্রেফতার, জরুরি অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা ও ভিআইপি নিরাপত্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দিয়ে থাকে। কিন্তু জ্বালানি পাম্পে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হওয়ায় পুলিশের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

এতে আরও বলা হয়, এ কারণে অপরাধীদের ধরতে বিলম্ব হওয়া কিংবা দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে না পারার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জনসেবায় সরাসরি প্রভাব ফেলছে।

পুলিশ অ্যাসোসিয়েশন অভিযোগ করে জানায়, জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে তেল সংগ্রহ করতে গেলে অনেক সময় জনসাধারণের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অসন্তোষের সৃষ্টি হয়। এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে অনেক সদস্যকে।

এ পরিস্থিতি এড়াতে সারা দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য পৃথক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিলে জনসেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছে সংগঠনটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রস্তাব বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে গতি আসবে এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।