লন্ডনে টাওয়ার হ্যামলেটস নির্বাচনে সাড়া ফেলেছেন সিলেটের আমিনা আলী
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:২০
ছবি: আমিনা আলী
যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাড়া ফেলেছেন সিলেটের মেয়ে আমিনা আলী। তিনি ব্রিটেনের অন্যতম প্রধান রাজনৈতিক দল লেবার পার্টির মনোনয়ন নিয়ে বেথনাল গ্রিন এলাকার উইভার্স ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আমিনা আলী লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের প্যানেল থেকে নির্বাচন করছেন। একই ওয়ার্ড থেকে সিলেটি বংশোদ্ভূত দিলওয়ার হোসেনও লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে রয়েছেন। উইভার্স ওয়ার্ডে মেয়রের পাশাপাশি দুইজন কাউন্সিলর নির্বাচিত হবেন।
সিলেট জেলার বৃহত্তর কামালবাজারের বাসিন্দা আমিনা আলীর শৈশব ও কৈশোরের বড় একটি অংশ কেটেছে সিলেটে। তিনি হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। পরে সিলেট ল’ কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং গত প্রায় ১৫ বছর ধরে বেথনাল গ্রিনের উইভার্স এলাকায় বসবাস করছেন।
ছাত্রজীবন থেকেই তিনি একজন সক্রিয় সংগঠক ও সমাজসেবী হিসেবে পরিচিত। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। যুক্তরাজ্যে গিয়ে লেবার পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হন এবং একজন নিবেদিত কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
স্থানীয়ভাবে দীর্ঘদিন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত থাকায় ভোটারদের মাঝে তার ব্যাপক পরিচিতি রয়েছে। সিলেটি প্রবাসী কমিউনিটিতেও তাকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে বেথনাল গ্রিন আসনের এমপি রুশনারা আলীর সমর্থন তার প্রার্থিতাকে আরও আলোচনায় এনেছে।
এক সাক্ষাৎকারে আমিনা আলী বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করায় স্থানীয় মানুষের সমস্যা সম্পর্কে অবগত। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, প্রবাসী সিলেটি সায়মন আহমদ জানান, তিনি ইতোমধ্যে স্বজনদের আমিনা আলীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া স্থানীয় ভোটার সুন্দর আলী বলেন, আমিনা আলী একজন পরিশ্রমী ও আন্তরিক সমাজকর্মী এবং তিনি নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন এ নির্বাচনে আমিনা আলীর প্রার্থিতা সিলেটি কমিউনিটির মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
