ছবি: সংগৃহীত
দেশের দিকে একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটি বলছে, এ বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়, যা দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি সৃষ্টি করতে পারে।
সংস্থাটির তথ্যমতে, এই বৃষ্টি বলয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগ। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল বেশ সক্রিয় থাকতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা মাঝারি সক্রিয় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকা তুলনামূলক কম সক্রিয় থাকবে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টি বলয়ের প্রভাব থাকবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় সময় ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে।
এই সময়ের মধ্যে বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
সংস্থাটি আরও জানায়, উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে পাহাড়ি ঢল সৃষ্টি হতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদী ও হাওরাঞ্চলে পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টানা বর্ষণের কারণে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
