সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটের জয়
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ২০:১৯
ছবি: সংগৃহীত
সহজ জয়ের ম্যাচটিকে নাটকীয় করে তুলেও শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় স্বাগতিকরা।
সোমবার (২০ এপ্রিল) রাজশাহীর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলংকা নারী ক্রিকেট দল ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২০৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল হাতে ও ৩ উইকেট রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
তবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওভার শেষ হওয়ার আগেই ফিরে যান দুই ওপেনার। এরপর দ্রুত আউট হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন সুলতানা (০), জুয়াইরিয়া ফেরদৌস (৫) ও নিগার সুলতানা (১৩) আউট হলে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
এই পরিস্থিতিতে হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। দুজন মিলে গড়েন ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। সোবহানা ৫৬ বলে ৪১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
এরপর স্বর্ণা আক্তার এর সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান শারমিন আক্তার। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ১২৭ বলে ১৩টি চারে সাজানো ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন তিনি।
তবে ম্যাচ তখনো নাটকীয়। মাত্র ২ রান যোগ হতেই ফিরে যান স্বর্ণা (৩৫), রাবেয়া খান (১) ও রিতুমনি (০)। শেষ পর্যন্ত নাহিদা আক্তার ও সুলতানা খাতুন এর দৃঢ়তায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রিতুমনি। ২টি উইকেট পান নাহিদা আক্তার। এছাড়া বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন অন্যান্য বোলাররা।
নাটকীয়তার সব উপাদান থাকা এই ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশই।
