https://www.emjanews.com/

15237

international

প্রকাশিত

২৫ এপ্রিল ২০২৬ ২০:৫৯

আন্তর্জাতিক

সোমালিয়া উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ২০:৫৯

ছবি: সংগৃহীত

সোমালিয়ার উপকূলে আবারও জলদস্যুদের তৎপরতা বেড়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ১৭ জন ক্রুসহ একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে সশস্ত্র দস্যুরা।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ‘অনার ২৫’ নামের জাহাজটি ছয়জন বন্দুকধারী দস্যু জোরপূর্বক নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এটি সোমালিয়ার হাফুন ও বান্দর বেইলা উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, জাহাজটিতে আরও পাঁচজন সশস্ত্র দস্যু যোগ দিয়েছে।

ছিনতাই হওয়া ট্যাংকারটিতে মোট ১৭ জন ক্রু রয়েছেন, যাদের মধ্যে ১০ জন পাকিস্তানি, ৪ জন ইন্দোনেশীয় এবং ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারের একজন করে নাগরিক আছেন। জাহাজটি সোমালিল্যান্ডের বেরবেরা বন্দর থেকে যাত্রা শুরু করে ওমান উপসাগরে কিছুদিন অবস্থান শেষে ২ এপ্রিল মোগাদিশুর উদ্দেশ্যে রওনা দেয়। এতে প্রায় ১৮,৫০০ ব্যারেল তেল ছিল বলে নিশ্চিত করেছেন পান্টল্যান্ড অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা।

মোগাদিশুগামী এই জাহাজ ছিনতাইয়ের ঘটনায় সোমালিয়ার রাজধানীতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে সেখানে জ্বালানি তেলের দাম তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে। নতুন করে এই ঘটনার ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০১১ সালের পর আন্তর্জাতিক হস্তক্ষেপে সোমালি জলসীমায় জলদস্যুতা অনেকটা কমে এলেও সাম্প্রতিক বছরগুলোতে মাছ ধরার ট্রলার ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে আবারও দস্যুদের তৎপরতা বাড়ছে।

এ ঘটনায় এখনো সোমালি কর্তৃপক্ষ বা জলদস্যুতা প্রতিরোধে নিয়োজিত ইউরোপীয় নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। কীভাবে দস্যুরা বিশাল এই ট্যাংকারটি নিয়ন্ত্রণে নিল, তা এখনও স্পষ্ট নয়।

তবে ধারণা করা হচ্ছে, বান্দর বেইলার কাছাকাছি কোনো দুর্গম এলাকা থেকে ছোট নৌকায় করে এসে হামলা চালানো হয়েছে। এদিকে জাহাজে থাকা ক্রুদের নিরাপত্তা ও জাহাজ উদ্ধারের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।