‘আমেরিকান ড্রিম’ ম্লান! যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ ২১:১৭
ছবি: সংগৃহীত
একসময় বহু ভারতীয় নাগরিকের কাছে যুক্তরাষ্ট্র ছিল স্বপ্নের গন্তব্য। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সেই ‘আমেরিকান ড্রিম’ এখন অনেকের কাছেই আকর্ষণ হারাচ্ছে। দেশটিতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত মানুষের একটি বড় অংশ এখন যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন।
ওয়াশিংটন ডিসিভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এবং জরিপ সংস্থা ইউগভ যৌথভাবে পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। জরিপে এক হাজার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির মতামত নেওয়া হয়।
জরিপ অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ ভারতীয়-মার্কিন নাগরিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন। এর মধ্যে ১৪ শতাংশ বলেছেন, তারা প্রায়ই এ বিষয়ে চিন্তা করেন এবং ২৬ শতাংশ মাঝেমধ্যে এমন ভাবনা ভাবেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিকে প্রধান উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প-এর দ্বিতীয় মেয়াদের শাসন নিয়ে অসন্তোষ এ প্রবণতাকে আরও জোরালো করেছে।
প্রায় ৭১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অর্থনীতি, অভিবাসননীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নন। অনেকেই বলেছেন, দেশের রাজনৈতিক ভাষা ও পরিবেশ তাদের অস্বস্তিতে ফেলছে।
এছাড়া জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ অংশগ্রহণকারী জীবনযাত্রার উচ্চ ব্যয়কে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি ৪১ শতাংশ ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশেষ করে সান ফ্রান্সিসকো, সিয়াটল ও নিউইয়র্ক-এর মতো বড় শহরে বাড়িভাড়া ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদে বসবাস কঠিন হয়ে পড়ছে।
জরিপে অংশ নেওয়া অনেকেই কর্মক্ষেত্র ও অনলাইন প্ল্যাটফর্মে বৈষম্যের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, তারা এখন নিজেদের আচরণ পরিবর্তন করছেন, নির্দিষ্ট বিষয়ে কথা বলা এড়িয়ে চলছেন এবং প্রকাশ্য স্থানে কম নিরাপদ বোধ করছেন।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের দীর্ঘসূত্রতা পূর্ণ অভিবাসনব্যবস্থাও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ভিসাজট, গ্রিন কার্ড পেতে বিলম্ব এবং নীতিগত অনিশ্চয়তা ভারতীয় প্রবাসীদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। অনেকেই বছরের পর বছর কাজ করেও স্থায়ী বসবাসের নিশ্চয়তা পাচ্ছেন না।
জরিপে আরও দেখা গেছে, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন আসছে। প্রায় ৩০ শতাংশ এখন নিজেদের নিরপেক্ষ হিসেবে পরিচয় দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, এটি দলীয় আনুগত্য থেকে সরে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতার ইঙ্গিত দেয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা ৫২ লাখের বেশি। বিশ্লেষকদের মতে, চলমান পরিস্থিতিতে কার্যকর নীতি ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত না হলে এই জনগোষ্ঠীর মধ্যে দেশত্যাগের প্রবণতা আরও বাড়তে পারে।
