https://www.emjanews.com/

15155

weather

প্রকাশিত

২১ এপ্রিল ২০২৬ ২২:৫১

আবহাওয়া

সিলেটসহ দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির শঙ্কা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ২২:৫১

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং সিলেট, রাজশাহী ও ঢাকাসহ অন্তত ৯টি জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পূর্বাভাসে আগামী কয়েক দিনে দেশের আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

প্রথম দিনের (২১ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগ-এর কিছু কিছু স্থানে এবং রংপুর বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগ-সহ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

দ্বিতীয় দিনের (২২ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বিদ্যমান তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তৃতীয় ও চতুর্থ দিনের পূর্বাভাস অনুযায়ী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ এপ্রিল থেকে ধীরে ধীরে দিনের তাপমাত্রা কমতে শুরু করতে পারে।

পঞ্চম দিনের (২৫ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির পরিধি বেড়ে রাজশাহী বিভাগ-এও দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।