ছবি: সংগৃহীত
সুনামগঞ্জে আগামী কয়েকদিনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে হাওড় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে এবং পাকা ধান দ্রুত কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাত দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকা ও উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাওড় অববাহিকার প্রধান নদী- সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ অন্যান্য উপ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে থাকবে। ২৮ এপ্রিল থেকে এসব নদীর কোথাও কোথাও পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৬ মিটার (৫ দশমিক ৭৭ ফুট) নিচে অবস্থান করছে। তবে পূর্বাভাস অনুযায়ী ২৮ এপ্রিলের পর থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, বন্যা দেখা দিলে হাওড়ের বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। তাই যেসব জমির প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
