সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি ডিআই পিকআপে করে ১৫ থেকে ১৬ জন নির্মাণ শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে রাঙামাটি থেকে কাঁঠাল বোঝাই একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে তেলিবাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপে থাকা শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই চারজন নিহত হন বলে পুলিশ নিশ্চিত করেছে। পরে গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যান। এছাড়া অপর একজন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পুলিশ জানিয়েছে, নিহত সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।
দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপের চালক পলাতক রয়েছেন। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
