সিলেট কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন এক পরীক্ষার্থী, যার গল্পে রয়েছে ব্যতিক্রমী বাস্তবতা ও অদম্য চেষ্টা। কানাইঘাট উপজেলার রাইতপুর গ্রামের আলমগীরের ছেলে নুর উদ্দিন সাইবার সুরক্ষা আইনের মামলায় বর্তমানে কারাগারে থাকলেও শিক্ষাজীবন থামিয়ে দেননি।
আগামীকাল মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় তিনি অংশ নেবেন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পূর্বে অকৃতকার্য হওয়ায় এবার শুধুমাত্র ওই একটি পরীক্ষাতেই বসবেন তিনি। সীমাবদ্ধতার মাঝেও নিজের শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা ইতোমধ্যে আলোচনায় এসেছে।
সিলেট কেন্দ্রীয় কারাগার-১, বাদাঘাট এর ডেপুটি জেলার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নুর উদ্দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কারাগারের ভেতরেই তাকে পরীক্ষার সুযোগ করে দিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
একটি মাত্র পরীক্ষাকে ঘিরে নুর উদ্দিনের এই অপেক্ষা শুধু একটি শিক্ষাগত ধাপ নয়, বরং এটি তার জন্য নতুন করে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
