https://www.emjanews.com/

15438

law-justice

প্রকাশিত

০৪ মে ২০২৬ ২০:১৭

আইন আদালত

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে হামলা, ৪ জনের কারাদণ্ড

প্রকাশ: ০৪ মে ২০২৬ ২০:১৭

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে উপজেলা প্রশাসনের চার কর্মচারী আহত হয়েছেন।

রোববার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু লুট ও হামলার ঘটনায় চারজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী এলাকার মো. তেরা মিয়া (৫৫), দক্ষিণ কলাবাড়ীর মো. মাসুক (৪৫), উত্তর কলাবাড়ীর মো. গিয়াস (৩০) এবং পারুয়া মাঝপাড়া এলাকার মো. মিসছবাহ উদ্দিন (২০)।

অভিযান সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

ট্রাক্টর জব্দের পর বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রায় ২০০ থেকে ৩০০ জন একত্র হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে চার কর্মচারী আহত হন। তবে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অক্ষত ছিলেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।