ঘুষ দাবির অভিযোগে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা: প্রাথমিক সত্যতা পেল তদন্ত কমিটি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ২১:২৪
ছবি: মো. সাইমুম রেজা তালুকদার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই হত্যাযজ্ঞের একটি মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে কোটি টাকা ঘুষ দাবি করা হয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও অডিও রেকর্ড সংগ্রহ করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) তদন্ত কমিটির ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযোগে বলা হয়, চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী-এর পরিবারের কাছ থেকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা দাবি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক ওই এমপিকে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ দাবি করা হয়। অভিযোগ ওঠার পর গত ১০ মার্চ পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার এবং একই দিনে তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। এর আগে ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ‘ঘুষ দাবির’ অভিযোগসংক্রান্ত দুটি অডিও ফাঁস হয়। ফাঁস হওয়া অডিওতে সাইমুম রেজাকে ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ঘুষের অঙ্ক ও কিস্তিতে পরিশোধ নিয়ে দরকষাকষি করতে শোনা যায়। সেখানে সরাসরি ‘এক কোটি টাকা’ দাবির কথাও উঠে এসেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ কার্যক্রম এবং রাজনৈতিক তদবির নিয়েও আলোচনা শোনা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় এ বি এম ফজলে করিম চৌধুরী-কে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত ও ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ওই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।
