সিলেট মহানগরে পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টা ও পরবর্তী ৮ ঘণ্টায় মোট ৭৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৪ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি ও মেট্রো অধ্যাদেশে মোট ৩১ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দক্ষিণ সুরমা থানা পুলিশ বিনা পরোয়ানায় ১ জনকে আটক করে এবং মেট্রো অধ্যাদেশে মহানগরের বিভিন্ন এলাকা থেকে আরও ২২ জনকে আটক করা হয়।
এদিকে মঙ্গলবার (৫ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৪৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, এ সময় নিয়মিত মামলার ৪ জন আসামি ও ওয়ারেন্টভুক্ত ২ জনকে আটক করা হয়। দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১ হাজার ৮০৬ পিস কিটক্যাট চকলেট ও ২টি কম্বল উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অভিযানে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন ছিনতাইকারীকে এবং শাহপরান থানা পুলিশ ১ জন অটোরিকশা চোরকে আটক করে। পাশাপাশি মহানগরের বিভিন্ন এলাকা থেকে ১৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
