https://www.emjanews.com/

15522

sylhet

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১১:৩৪

আপডেট

০৯ মে ২০২৬ ১৫:৪৯

সিলেট

সিলেটে বিএনপি নেতা নাসিমের ৫০ লাখ টাকা ছি/নতাই

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১১:৩৪

সিলেট নগরে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়তে থাকলেও এবার আলোচনায় এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সিলেট মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিলে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ছিনতাইয়ের শিকার হয়েছেন, যেখানে তার বহন করা অর্ধ কোটিরও বেশি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে বিতরণের জন্য ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেট কারে করে রওয়ানা দেন। পারাইরচক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী তার গাড়ির গতিরোধ করে। এরপর তারা হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার, গণমাধ্যম, মোহাম্মদ মনজুরুল আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে মোগলাবাজার থানার ওসি মো. মনির হোসেন জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামী করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সিলেট নগরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা আলোচনায় এসেছে। এর আগে গত বুধবার মিরের ময়দান এলাকায় র‌্যাব পরিচয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়।