মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুরে স্বজনদের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
পুলিশ সূত্র জানায়, কুলাউড়ার মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। শুক্রবার সকালে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহলদল। পরে তাদের আটক করে ক্যাম্পে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে এবং পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করে। পরে পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের বুঝিয়ে দেয়।
