সিলেটের গোলাপগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ভারতীয় চকলেটসহ এক নারী চোরাচালানকারী এবং বিদেশী মদসহ আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
ঘটনার বিবরণে জানা যায়, র্যাব-৯ সদর কোম্পানীর একটি আভিযানিক দল শনিবার (০৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্তবর্তী জাফলং থেকে কয়েকজন ব্যক্তি একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ পণ্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। খবর পাওয়ার পর র্যাব-৯ দল রাত আনুমানিক রাত দেড়টার দিকে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোষ্ট স্থাপন করে।
চেকপোষ্টে একটি বাসকে থামানোর সিগন্যাল দেওয়া হলে, র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা পালানোর চেষ্টা করেন। তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি জানালেন, তার হেফাজতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চকলেট রয়েছে। পরবর্তীতে তার হেফাজত থেকে ৬ হাজার ৬৫০ পিস চকলেট এবং ২৩০ পিস করদ্বারা চোরাচালানের চকলেটসহ একটি খয়েরী রংয়ের ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। গ্রেফতারকৃত পাপিয়া আক্তার (২৫) ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পলাশ মিয়ার স্ত্রী।
একই সময় ওই বাসে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশী মদসহ আরও দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের বাসন থানার বোগড়া গ্রামের মো. নাহিদুল ইসলাম জয় (২৯) এবং পল্লবী থানার মো. শামীমের ছেলে মো. আরমান (২৬)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা এবং জব্দকৃত আলামত সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
