ছবি: সংগৃহীত
নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রিটি গ্রহণ করেন।
এর আগে গত মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামির বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক চিঠিতে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। একই তথ্য নিশ্চিত করে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ৩৫৩ জন শিক্ষার্থীকে ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানের সময় তাদের সম্মানে গাউন, ক্যাপ ও হুডসহ দুটি খালি চেয়ার রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, লিমন ও বৃষ্টির একাডেমিক অর্জন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
লিমন ও বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে দেশে-বিদেশে বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে তাদের প্রতি সম্মান ও স্মরণীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
