ছবি:থালাপতি বিজয়।
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর সরকার গঠনের পথে জটিলতা কাটতে শুরু করেছে। বিধানসভায় সরকার গঠনের লক্ষ্যে টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে থিরুমাভালাভানের নেতৃত্বাধীন দল বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে)।
এর ফলে তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এদিকে প্রধান বিরোধী দল এআইএডিএমকে-এর ভেতরেও বড় ধরনের অস্থিরতার খবর পাওয়া গেছে। দলটির জ্যেষ্ঠ নেতা সি ভি শানমুগাম দল ছাড়ার পরিকল্পনা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার সঙ্গে ৩২ জনেরও বেশি বিধায়ক রয়েছেন বলে দাবি করা হচ্ছে এবং তাদের একটি বড় অংশ বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন।
শনিবার (৯ মে) পদুচেরির একটি রিসোর্ট থেকে ফেরার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসপি ভেলুমণি, এমআর বিজয় ভাস্কর, নাথাম বিশ্বনাথন এবং সি বিজয় ভাস্করের মতো প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শুক্রবার (৮ মে) থালাপতি বিজয় তৃতীয়বারের মতো তামিলনাড়ুর রাজ্যপাল আর.ভি. আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন। লোক ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান।
এর আগে রাজ্যপাল বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। রাজ্যপাল সচিবালয়ের দাবি ছিল, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বা ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে পারেননি বিজয়।
গত বুধবার (৬ মে) ও বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত আগের দুই বৈঠকেও একই কারণে বিজয়ের দাবি নাকচ করা হয়েছিল। তবে ভিসিকে-র সমর্থন এবং এআইএডিএমকে-র বিদ্রোহী বিধায়কদের সম্ভাব্য সমর্থনের খবরে এখন রাজ্য রাজনীতির সমীকরণ অনেকটাই বিজয়ের পক্ষে চলে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
