ছবি: শুভেন্দু অধিকারী।
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) রাজ্য বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
বিধায়ক বৈঠক শেষে সাংবাদিকদের অমিত শাহ বলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব জমা পড়েছিল এবং সবগুলোতেই একটিই নাম ছিল- শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নাম না আসায় তাঁকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হচ্ছে।’
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে নন্দীগ্রাম আসনেও জয় লাভ করেন তিনি।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোটে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু। নিজের রাজনৈতিক ঘাঁটিতে মমতাকে হারানোর পর এবার তাঁর দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ভবানীপুরেও জয় পেয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় চমক সৃষ্টি করেছেন তিনি।
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
