https://www.emjanews.com/

15560

national

প্রকাশিত

১০ মে ২০২৬ ১৯:০৫

জাতীয়

পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেল দাবি

প্রকাশ: ১০ মে ২০২৬ ১৯:০৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালুর দাবি তুলেছেন পুলিশ সদস্যরা। একইসঙ্গে ঝুঁকিভাতা, ওভার ডিউটির জন্য ৫০ শতাংশ ওভারটাইম বিল এবং চাকরির শেষ পর্যায়ে ধাপে ধাপে অনারারি পদোন্নতিরও দাবি জানিয়েছেন তারা।

রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ প্যারেডে এসব দাবি উত্থাপন করা হয়। পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

কল্যাণ প্যারেডে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেল দীর্ঘদিনের দাবি। বর্তমানে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে আলাদা পে-স্কেল ব্যবস্থা চালু রয়েছে। দেশের আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তায় সবচেয়ে বেশি ভূমিকা রাখার পরও পুলিশ সদস্যরা এ সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করেন তারা।

কল্যাণ প্যারেডে মামলার তদন্ত কাজে নিয়োজিত উপ-পরিদর্শকদের (এসআই) যাতায়াত সমস্যার বিষয়টিও তুলে ধরা হয়। বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার তদন্ত কাজে গতি আনতে মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ এবং জ্বালানি খরচ বাবদ বিল দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, থানাগুলোতে তদন্ত কাজে ব্যবহারের জন্য পর্যাপ্ত যানবাহন নেই। ফলে এসআইদের ব্যক্তিগতভাবে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। এজন্য সুদমুক্ত ঋণ ও জ্বালানি খরচের ব্যবস্থা করা হলে তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে।

এছাড়া এক অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ঝুঁকিভাতা ও অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম ভাতার দাবি জানান।

প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক নারী কনস্টেবল চাকরির শেষ পর্যায়ে অনারারি পদোন্নতির দাবি উত্থাপন করেন। তিনি বলেন, অনেক কনস্টেবল ও ইন্সপেক্টর একই পদে দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যান। অবসরের আগে অন্তত একটি সম্মানসূচক পদোন্নতি দেওয়া হলে সদস্যদের মধ্যে প্রেরণা বাড়বে। সেনাবাহিনীতে এ ধরনের ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে পুলিশের থানা, ব্যারাক, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটের অপারেশনাল কার্যক্রমের জন্য নতুন ভবন নির্মাণে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পুনরায় চালুর দাবিও জানানো হয়।

জানা গেছে, পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।’

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।