ছবি: সংগৃহীত
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে আইসিসি সে অনুরোধ প্রত্যাখ্যান করলে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে সে সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানান, নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই ঘটনার পর ভারত সফরে যাওয়া বাংলাদেশি খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তৎকালীন বিসিবি।
গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিষয়টি তদন্তের ঘোষণা দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করা হলো।
