ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ৫০ একর জায়গাজুড়ে বিশাল ‘ফিল্ম সিটি’। স্থানীয় প্রতিভা বিকাশ এবং পাকিস্তানকে বৈশ্বিক সৃজনশীলতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নিয়েছে পাঞ্জাব সরকার।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এ ঘোষণা দেন। তিনি জানান, এটি পাঞ্জাবের ইতিহাসে এ ধরনের প্রথম প্রকল্প। প্রায় দুই বছর আগে পরিকল্পনা শুরু হওয়া এ ফিল্ম সিটির নকশা চূড়ান্ত করা হয়েছে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর।
প্রকল্পটিতে থাকছে বিশ্বমানের স্টুডিও ও আধুনিক সাউন্ড স্টেজ, উন্নত ভিএফএক্স (VFX) ও পোস্ট-প্রোডাকশন ল্যাব, কৃত্রিম লেকসহ বিভিন্ন শুটিং লোকেশন সেট এবং আন্তর্জাতিক মানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য বিশেষ কনভেনশন হল।
এ ছাড়া ফিল্ম সিটিতে গড়ে তোলা হবে ইন্টিগ্রেটেড মিডিয়া ট্রেড হাব, চলচ্চিত্র ও সংগীত শিক্ষার স্কুল, জরুরি নিরাপত্তা অবকাঠামো এবং বিনোদনের জন্য আলাদা ডিস্ট্রিক্ট।
মরিয়ম নওয়াজ বলেন, ‘এ উদ্যোগ স্থানীয় প্রতিভাদের ক্ষমতায়ন করবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পাকিস্তানকে বিশ্বদরবারে সৃজনশীলতার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।’
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের জন্য এটি হবে একটি বিশেষ উপহার, যেখানে তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে এবং বিশ্বের সামনে পাকিস্তানের প্রাণবন্ত ও ইতিবাচক চিত্র তুলে ধরতে পারবে।
পাঞ্জাবকে প্রযুক্তি, উদ্ভাবন, ঐতিহ্য ও সংস্কৃতির বৈশ্বিক গন্তব্য হিসেবে গড়ে তুলতে এ ফিল্ম সিটি বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
