ছবি: ব্রিটনি স্পিয়ার্স।
মদ্যপ অবস্থায় বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত জেল খাটা থেকে রেহাই পেয়েছেন। আদালতের সঙ্গে বিশেষ সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া এই আইনি জটিলতার অবসান হয়েছে।
গেলো ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে পুলিশ গ্রেফতার করে। অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়ি অত্যন্ত উচ্চগতিতে এবং বিপজ্জনকভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
সোমবার (৪ মে) লস এঞ্জেলস-এর একটি আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। যদিও ব্রিটনি নিজে আদালতে উপস্থিত ছিলেন না, তার আইনজীবীর মাধ্যমে তিনি অভিযোগ স্বীকার করেন। তবে আদালতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে আনা গুরুতর ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানো’ অভিযোগটি প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে তাকে ‘রেকলেস ড্রাইভিং’ বা বেপরোয়া গাড়ি চালানোর তুলনামূলক কম গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেফতারের পরপরই ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। তার প্রতিনিধিরা জানিয়েছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরে জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন।
ব্রিটনির আইনজীবী আদালতে জানান, নিজেকে শুধরে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এই গায়িকা, যা আদালতের নমনীয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই আইনি সমঝোতার ফলে ব্রিটনি স্পিয়ার্সকে কোনো ধরনের কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে।
এদিকে, এ খবরে ব্রিটনির ভক্তরা স্বস্তি প্রকাশ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
