https://www.emjanews.com/

15650

sports

প্রকাশিত

১৪ মে ২০২৬ ২০:১৯

খেলাধুলা

বর্ণিল আয়োজনে ইরান ফুটবল দলকে বিদায়

প্রকাশ: ১৪ মে ২০২৬ ২০:১৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নানা শঙ্কার মধ্যেও বর্ণিল ও আবেগঘন আয়োজনে জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছে ইরান। বুধবার রাতে রাজধানী তেহরানের এঙ্গহেলাব স্কয়ারে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে হাজারো সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিদায়ী অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় দলের খেলোয়াড়দের শুভকামনা জানাতে সেখানে জড়ো হন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

এর আগে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘আপনারা শুধু একটি ফুটবল দল নন, বিশ্বের কাছে ইরানি জাতির আশা, মর্যাদা, ঐক্য ও সংকল্পের প্রতীক। জয় মূল্যবান, তবে পরাজয়ের মধ্যেও যেন লড়াইয়ের মানসিকতা ও মর্যাদা অটুট থাকে।’

রাতের অনুষ্ঠানে খেলোয়াড়রা মঞ্চে উঠে দেশাত্মবোধক বক্তব্য দিলে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ইরানের অফিসিয়াল জার্সি উন্মোচন। নতুন জার্সিতে বরাবরের মতোই স্থান পেয়েছে দেশটির ঐতিহ্যবাহী প্রতীক ‘এশীয় চিতা’।

এ ছাড়া জনপ্রিয় শিল্পী পারভাজ হোমায় ইরানের অফিশিয়াল বিশ্বকাপ থিম সং পরিবেশন করেন। গানটির সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত হাজারো দর্শক।

নিহত ছাত্র ও শহীদদের স্মরণে এবারের বিশ্বকাপ মিশনে ইরান দলের নাম রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’। দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেন, ইরানের সম্মান রক্ষায় খেলোয়াড়রা সর্বোচ্চ দিয়ে লড়বেন।

ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, “গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই সেরা বিদায়ী সংবর্ধনা। খেলোয়াড়রা জনগণের সঙ্গে আছে এবং জনগণও দেশের মর্যাদা, সম্মান ও শক্তির পাশে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, ‘ফলাফল যাই হোক, বিশ্বমঞ্চে ইরানের পতাকা যেন উড্ডীন থাকে এবং দেশের সম্মান অক্ষুণ্ন থাকে।’

বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন ইরানের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।