https://www.emjanews.com/

15790

sports

প্রকাশিত

২০ মে ২০২৬ ১৩:০০

আপডেট

২০ মে ২০২৬ ১৩:০৯

খেলাধুলা

পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশ: ২০ মে ২০২৬ ১৩:০০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার পর এবার নিজেদের আঙিনাতেও সেই ইতিহাসকে আরও উজ্জ্বল করল বাংলাদেশ। সিলেটের সবুজ গ্যালারি আর উচ্ছ্বসিত দর্শকদের সামনে দুর্দান্ত লড়াইয়ে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ।

বুধবার (২০ মে) সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের সামনে ছিল ৪৩৭ রানের কঠিন লক্ষ্য। তবে লড়াইয়ের শেষ অধ্যায়ে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের দৃঢ় জুটি কিছুটা শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশের শিবিরে। সকালের সেশনে দ্রুত রান তুলে ম্যাচে নতুন উত্তেজনা ছড়ান তারা। রিজওয়ান ব্যাট হাতে অসাধারণ প্রতিরোধ গড়ে তুললেও সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। ৯৪ রানে শরিফুল ইসলামের বলে গালিতে ক্যাচ তুলে দিলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

এর আগে বিপজ্জনক হয়ে ওঠা সাজিদ খানকে ফিরিয়ে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের নিখুঁত ঘূর্ণিতে স্লিপে ধরা পড়েন সাজিদ। এরপর একে একে ভেঙে পড়ে পাকিস্তানের শেষ প্রতিরোধ। ৯৮তম ওভারে খুররম শাহজাদ আউট হলে ৩৫৮ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের অনন্য রেকর্ড গড়ল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে এত ধারাবাহিক সাফল্য পায়নি টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোরে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান সংগ্রহ করে পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ৩৫৮ রানে।

এদিকে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।

তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।

এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টাইগাররা। ক্রিকেট ইতিহাসের নতুন এক গৌরবগাথা লিখে এদিন যেন পুরো জাতিকেই আনন্দের জোয়ারে ভাসিয়েছে বাংলাদেশ।