https://www.emjanews.com/

15803

sylhet

প্রকাশিত

২০ মে ২০২৬ ২০:০৩

সিলেট

জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরি: ৮ জনের বিরুদ্ধে মামলা, ট্রলার জব্দ

প্রকাশ: ২০ মে ২০২৬ ২০:০৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী জাদুকাটার তীর কেটে খনিজ বালি চুরির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ সময় চুরি করে নিয়ে যাওয়া বালিবোঝাই একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে মান্না মিয়া ওরফে মান্না শাহ, রোমান মিয়া ওরফে রোমান শাহ, মৃত আসাদ মিয়া শাহর ছেলে মখসিনুর মিয়া ওরফে মখসিনুর শাহ, সফর আলীর ছেলে ইমাম হোসেন এবং গড়কাটি গ্রামের জহুর মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন। এছাড়া মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার তাহিরপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মান্না মিয়া ওরফে মান্না শাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র উপজেলার জাদুকাটা নদীর পশ্চিম তীরের ঝালোরটেক এলাকা কেটে খনিজ বালি উত্তোলন ও চুরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ি এবং বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে নদীর তীর থেকে চুরি করে নিয়ে যাওয়া খনিজ বালিবোঝাই একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালি চুরির সঙ্গে জড়িতরা কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।